খুলনা–১ আসন: ৪ কেন্দ্রে বিএনপির এজাজ খান পেয়েছেন ৫০৪৫ ভোট, জামায়াতের কৃষ্ণ নন্দী ১৪৮০
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের চারটি কেন্দ্রের ভোটে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ১ হাজার ৪৮০ ভোট পেয়েছেন।
![]() |
| ছবি: MBF News |
ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে কৈলাশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমীর এজাজ খান ধানের শীষে ৭৭৯ ভোট পেয়েছেন। কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় পেয়েছেন ১৯৫ ভোট।
বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ১৯৮ ও দাঁড়িপাল্লা প্রতীকে ১৯০ ভোট পড়েছে। কালাবগী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধানের শীষ ১ হাজার ৭১৪ ও দাঁড়িপাল্লা ৯৯২ ভোট পেয়েছে।
দাকোপ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমীর এজাজ খান ধানের শীষে ১ হাজার ৩৫৪ ভোট ও কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় ১০৩ ভোট পেয়েছেন।
শেরপুর-১ ও শেরপুর-২ আসনে এগিয়ে জামায়াত শেরপুর-১ (সদর) আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ভোটে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯ হাজার ৬২৭ ভোট।
বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে ১৫ হাজার ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর ইসলাম (মাসুদ) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭২ ভোট।
এদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহা্ড্ডি লড়াই চলছে। আসনটির ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
এতে জামায়াতের মু. গোলাম কিবরিয়া ৪০ হাজার ১৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিএনপির ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৮৪৫।
নওগাঁ-১ আসন: ৪৪ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৭৪২৮ ভোট, দাঁড়িপাল্লা ৩০৮১৯ নওগাঁ-১ (পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর উপজেলা) আসনের ৪৪টি কেন্দ্রে ৪৭ হাজার ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।
দাঁড়িপাল্লা প্রতীকে ৩০ হাজার ৮১৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন জামায়াতে ইসলামীর মোহা. মাহবুবুল আলম।
রংপুর-৩ আসন: ৫ কেন্দ্রের ভোটে তৃতীয় স্থানে জি এম কাদের, এগিয়ে জামায়াত রংপুর-৩ (সিটি কর্পোরেশনে ও সদর) আসনে ৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলে ২ হাজার ৭০৬ ভোটে পিছিয়ে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট।
এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান ৩ হাজার ৭৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির সামসুজ্জামান সামু পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।
রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৯৯২। মোট কেন্দ্র ১৬৯। ফল পাওয়া কেন্দ্রগুলো হলো ধাপ সাত গড়া মাদ্রাসা, দি মিলেনিয়াম স্কুল, মেডিকেল কলেজ হাইস্কুল, মরিয়ম নেসা সরকারি বালিকা বিদ্যালয় ও শাহাবাজপুর সরকারি বিদ্যালয়।
ঢাকা-৯ আসন: কেন্দ্র নং - ৪২ (নাজমুল হক মদিনাতুল উলুম মাদ্রাসা)বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৬৮ ভোট। আর এনসিপির জাবেদ রাসিন শাপলা কলি প্রতীকে ৩৬১ পেয়েছেন।
এই কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১০৬১; আর ‘না’ ভোট পড়ে ২৫৬।
কেন্দ্র নং: –৮৮ (মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ)
হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছন ৫৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৯ ভোট এবং এনসিপির জাবেদ রাসিন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট।
এই কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪৭ এবং ‘না’ ভোট পড়েছে ২৬৭।
কুমিল্লা-৪ আসন: ভোট গ্রহণের শেষ সময়ে নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি–সমর্থিত প্রার্থীর
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময়ে বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।আসনটিতে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
চিহ্নিত একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে: বিএনপি
নির্বাচনের আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটারদের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়।
তবে বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটি স্তিমিত করার কোন অপচেষ্টা সফল হবে না বলেই বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
ভোটগ্রহণ শেষ হলেও ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান মাহদী আমিন। তিনি বিএনপি এবং অঙ্গসংগঠনে নেতাকর্মীদের ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।
গাজীপুরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ৪ জনের কারাদণ্ড
গাজীপুর- ৪ আসনের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় চার জনকে ২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন বিএনপির ও দুজন জামায়াতের কর্মী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে গাজীপুর- ৪ আসনের চাঁদপুর ইউনিয়নের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এ সময় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ৪ জনকে আটক করে।পরে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের প্রত্যেককে ২ বছর করে জেল এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেয়।
গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যট মো. আলমগীর হোসেন চারজনকে দণ্ড দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
দণ্ডাদেশ পাওয়া বিএনপির কর্মীরা হলেন, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইলিয়াস, একই উপজেলার সোনারুয়া গ্রামের মো. তারেক।
অপরদিকে জামায়াতের দুজন হলেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. মেজবাহ ও গাজীপুরের কাপাসিয়ার মো. ইফতেখার।
নাহিদ ইসলাম ভোট দিয়েছেন
ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে বাড্ডা এ. কে. এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ আসেন তিনি।
সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে
১৩তম জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এ আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এ ছাড়া সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে—সেটাই আশা করি: জামায়াতের আমির শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে ১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে—সেটাই আমরা আশা করি।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় ঢাকা-১৫ আসনে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নির্বাচন থেকে আরো পড়ুন।
