নৌকা থেকে ধানের শীষে, শিমলা বললেন, ‘আমাকে নিয়ে নয়-ছয় বলবেন না’

নির্বাচনের শেষ মুহূর্তে তারকাদের রাজনৈতিক উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চিত্রনায়িকা শিমলা। কারণ, এক বছর আগেও যিনি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিতে সরাসরি দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, এবার তাঁকেই দেখা যাচ্ছে ধানের শীষের নির্বাচনী প্রচারণায়। 


নৌকা থেকে ধানের শীষে, শিমলা বললেন, ‘আমাকে নিয়ে নয়-ছয় বলবেন না’
ছবি: MBF News
শিমলা


প্রতীক বদলে মাঠে নামা এই নায়িকার অবস্থান নিয়ে ভোটের মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বিস্তর আলোচনা।


ধানের শীষের নির্বাচনী প্রচারণায় চিত্রনায়িকা শিমলাকে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ, ২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। 


ম্যাডাম ফুলি-খ্যাত এই অভিনেত্রী তখন নিজে গিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যদিও শেষ পর্যন্ত দলটির মনোনয়ন পাননি তিনি।  


২০২৩ সালে নৌকায় প্রতীকে ভোট করতে মনোনয়ন ফরম কিনেছিনিলেন চিত্রনায়িকা শিমলা।


মনোনয়ন ফরম কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে শিমলা বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। 


এমনকি স্বপ্নে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। এরই বিপরীতে এবার সেই শিমলাকেই দেখা যাচ্ছে ধানের শীষের পক্ষে মাঠে নামতে। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোমবার দুপুরে ঢাকা-১৭ আসনে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান ও অভিনেতা শাহেদ শরীফের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন তিনি।


প্রচারণার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। তবে আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।


হঠাৎ কেন শিমলা ভোল পাল্টালেন তা জানতে শিমলার সঙ্গে কথা বলেছে প্রথম আলো।


তিনি বললেন, ‘আমি মোটেও ভোল পাল্টাইনি। আমি একজন শিল্পী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আর আমি যে কারও জন্য ভোট চাইতে পারি। 


এমনকি যেকোনো দলের হয়ে নির্বাচনে লড়ার আগ্রহও প্রকাশ করতে পারি—এটাতে মোটেও কোনো সমস্যা দেখছি না। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো দলের কর্মী নই। শিল্পী হিসেবে আমি সবার। 


যাকে মন চাইবে, আমি তার জন্য ভোট চাইব। ম্যাডাম খালেদা জিয়াকে আমার ভালো লাগে, তাই তাঁর দলের জন্য এবারের নির্বাচনে ভোট চাইতে নেমেছি। এখানে কোনো দালালি বা তৈল মর্দন করার মতো কোনো ঘটনা ঘটেনি।


তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে পুরস্কার নিয়েছেন শিমলা।

শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৯৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন শিমলা। কথা প্রসঙ্গে শিমলা সেই প্রসঙ্গও আনলেন।


বললেন, ‘আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী। এই পুরস্কার আমি ম্যাডাম খালেদা জিয়ার হাত থেকে নিয়েছি, তখন তিনি প্রধানমন্ত্রী। তাঁর স্টাইল, ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্স সব সময় আমাকে মুগ্ধ করে। আমি তাঁর একজন ভক্তও বলতে পারেন। 


এটাও বলতে পারি, আমি নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করলেও আমি কিন্তু নৌকার জন্য ভোট চাইনি। ভোট চাওয়ার প্রমাণ কেউ দেখাতে পারবেও না। 


মনোনয়ন আমি যেকোনো দল থেকে চাইতে পারি, নাগরিক হিসেবে এটা আমার অধিকারও। এখন কোনো দল যদি মনে করেন, আমার মাধ্যমে তাদের ইতিবাচক কিছু হবে, তারাও আমাকে মনোনয়ন দিতে পারেন। 


এটা কোনো অবস্থায় নেতিবাচকভাবে দেখার কিছু না। এসবে রংচং মাখানোর কিছু আছে বলে মনে করছি না।


চিত্রনায়িকা শিমলা অনেক দিন ধরেই আড়ালে। চলচ্চিত্রেও তাঁর কাজ খুব একটা নেই। ২০২৩ সালের নভেম্বর নাগাদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নেওয়ার পর তিনি আলোচনায় এসেছিলেন।


মাঝে আবার বিরতি নিয়ে এখন আবার প্রতীক বদল করে মাঠে নেমেছেন এই নায়িকা।


সব মিলিয়ে নৌকার মনোনয়ন নেওয়া থেকে শুরু করে এবার ধানের শীষের পক্ষে প্রকাশ্য প্রচারণা—চিত্রনায়িকা শিমলার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 


শিল্পী হিসেবে নিজেকে দল নিরপেক্ষ দাবি করলেও তাঁর এই অবস্থান পরিবর্তন নির্বাচনের শেষ সময়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। 


ভোটের ফলের পাশাপাশি ১২ তারিখের পর শিমলার ‘বাকি কথাগুলো’ কী—সেদিকেও নজর থাকবে অনেকের।


আরো পড়ুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url